মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা, কাতার বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক ফুটবলেও। আঞ্চলিক উত্তেজনা ও সম্ভাব্য সামরিক সংঘাতের ঝুঁকি এড়াতে কাতারে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ইউএস সকার জানিয়েছে, খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের নিরাপত্তা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বিশ্বকাপের জন্য পরিকল্পিত প্রস্তুতি ক্যাম্পও আর অনুষ্ঠিত হচ্ছে না।
ফেডারেশনের পক্ষ থেকে খেলোয়াড়দের পাঠানো বার্তায় বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে কাতারে দল পাঠানোকে নিরাপদ মনে করছে না সংস্থাটি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ভ্রমণসংক্রান্ত সতর্কতা এবং দোহায় অবস্থিত মার্কিন দূতাবাসের বিশেষ নিরাপত্তা নির্দেশনাও সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রেখেছে।
গত ২৩ অক্টোবর কাতার ভ্রমণের বিষয়ে তৃতীয় স্তরের সতর্কতা জারি করে ওয়াশিংটন। সম্ভাব্য সশস্ত্র সংঘাতের কারণে দেশটিতে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার বিষয়টিও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছিল।
আগামী ১৯ নভেম্বর শুরু হওয়ার কথা ৪৮ দলের এই বয়সভিত্তিক বিশ্বকাপ। ১৩ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে প্রতিযোগিতা। সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ ছিল মন্টেনেগ্রো, চিলি ও আলজেরিয়া। তাদের প্রথম ম্যাচ নির্ধারিত ছিল ২১ নভেম্বর।
উল্লেখ্য, ২০২৪ সালে ফিফা ঘোষণা করে, ২০২৫ থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতিবছর এই প্রতিযোগিতা আয়োজন করবে কাতার। আগের আসরেও স্বাগতিক ছিল দেশটি, যেখানে শেষ ৩২ থেকে বিদায় নিয়েছিল যুক্তরাষ্ট্র।





আপনার মতামত লিখুন